নিজস্ব প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৬ , ৫:৩৫:৪৭ অনলাইন সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির নির্বাচনী জনসভা জনজোয়ারে পরিণত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রম্মরাজপুর ও ধুলিহর ইউনিয়নবাসীর আয়োজনে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধাদলের আহ্বায়ক শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, তারিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আইনুল ইসলাম নান্টা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একতরফা শাসন কায়েম করা হয়েছে। বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে রাজপথে রয়েছে।”
তিনি আরও বলেন, “ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগাতে হবে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে ধানের শীষই হবে প্রতিরোধের প্রতীক। সাতক্ষীরার মানুষ জেগে উঠলে কোনো শক্তিই আমাদের বিজয় ঠেকাতে পারবে না। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই।”
বিশেষ অতিথিরা বলেন, প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমন করা যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সমাবেশ থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানানো হয়। জনসভা শেষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে।











