সাতক্ষীরা

সাতক্ষীরায় ‘জুলাই দিবস’ উপলক্ষে সড়ক নিরাপত্তা সভা

  ডেস্ক রিপোর্ট ২৯ জুলাই ২০২৫ , ১:৪৪:৪৫ অনলাইন সংস্করণ

‘জুলাই শহীদ দিবস ও গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিশেষ প্রচারণামূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান, সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম এবং উচ্চমান সহকারী মোঃ নাছির উদ্দিন।

প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মাহবুব কবির শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন এবং সচেতন আচরণের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা ও পথচারীদের সচেতনতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীরা নিজে জানলে পরিবার ও সমাজও সচেতন হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান বলেন, “সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধুমাত্র প্রশাসনের কাজ নয়, এটি সামাজিক দায়িত্বও। শিক্ষার্থীরা নিজে সচেতন হলে পরিবারকেও সচেতন করতে পারবে।”

সহকারী শিক্ষক শেখ তানজিরুল হক শিক্ষার্থীদের ট্রাফিক সাইন, রাস্তা পারাপারের নিয়ম এবং সড়কে চলাচলের নিরাপদ কৌশলসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সড়ক নিরাপত্তা বিষয়ে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।

আরও খবর