এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৯ মার্চ ২০২৬ , ২:৩৩:১০ অনলাইন সংস্করণ
শ্যামনগর উপজেলায় অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের রাজ স্টোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয়। জানা যায়, স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করা ডিজেল অবৈধভাবে মজুদ করে প্রতি লিটার ১২০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জব্দকৃত ২০০ লিটার ডিজেল স্থানীয়দের মাঝে ন্যায্যমূল্যে প্রতি লিটার ১০৫ টাকা দরে বিক্রি করা হয়।
ইউএনও শামসুজ্জাহান কনক বলেন, অবৈধভাবে কেউ যাতে জ্বালানি মজুদ করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক সোর্স নিয়োগ করা হয়েছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই ভেটখালী বাজারের রাজ স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, জ্বালানি মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

















