ডেস্ক রিপোর্ট ১৭ আগস্ট ২০২৫ , ৩:৫৯:৫৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শহরে সেনাবাহিনীর অভিযানে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে সেনাবাহিনীর সাতক্ষীরা সদর ক্যাম্প এ অভিযান পরিচালনা করে কাটিয়া এলাকার বাসিন্দা এম এম রবিউল ইসলাম (৬০) কে গ্রেপ্তার করে। তিনি মৃত রমজান আলীর ছেলে।
অভিযানে রবিউলের বাসা থেকে ২০ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ৬০টি ভারতীয় ট্যাবলেট (গিসিফেজ–৫০০), ১০ প্যাকেট রয়েল সিগারেট, নগদ ৬৯ হাজার ২৫ টাকা, দুই হাজার ভারতীয় রুপি, দুটি মোবাইল ফোন, আটটি সিমকার্ড, একটি পাসপোর্টসহ অসংখ্য মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, অতীতে কাটিয়া এলাকায় পতিতাবৃত্তির উদ্দেশ্যে অবৈধ আবাসিক হোটেল পরিচালনা করতেন এবং একই সঙ্গে ফেনসিডিল ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে ২০২২ সাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।
পরে আটক রবিউলকে জব্দকৃত মালামালসহ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক জানান, আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

















