সাতক্ষীরা

আম সংগ্রহের আনুষ্ঠানিক সূচনা: বাগানে উৎসবের আমেজ, চাষিদের ব্যস্ততা তুঙ্গে

  নিজস্ব প্রতিনিধি ৫ মে ২০২৬ , ৪:৩৩:১৭ অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। নির্ধারিত সময় মেনে এবং গুণগত মান বজায় রেখে নিরাপদ বাজারজাত নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে চাষিদের মাঝে ফিরেছে স্বস্তি, আর বাগানজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ফিংড়ী এলাকার একটি আমবাগানে এ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিষ্ণুপদ পাল।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক এবং অসংখ্য আমচাষি।

উদ্বোধনী আয়োজনকে ঘিরে বাগানজুড়ে চাষিদের ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যায়। আম সংগ্রহ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে, তৈরি হয় উৎসবের আবহ।

কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ শুরু হওয়ায় ফলের গুণগত মান বজায় থাকবে এবং বাজারে সাতক্ষীরার আমের চাহিদা আরও বাড়বে। একই সঙ্গে অপরিপক্ব ও রাসায়নিকযুক্ত আম বাজারজাত রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

অন্যদিকে, চাষিরা জানিয়েছেন, মৌসুমের আনুষ্ঠানিক সূচনায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভালো ফলন এবং ন্যায্য দামের আশায় তারা এখন বাগানে ব্যস্ত সময় পার করছেন।

আরও খবর