সাতক্ষীরা

অবৈধ ভারতীয় রেনু পোনা জব্দ, বসন্তপুর খালে অবমুক্ত করলো পুলিশ

  ডেস্ক রিপোর্ট ৫ মে ২০২৬ , ৪:১৯:৩৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দ করা অবৈধ ভারতীয় মাছের রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভোররাতে দেবহাটা থানা পুলিশের একটি টিম উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা চারটি পলিথিন বল ভর্তি মাছের রেনু পোনা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত রেনু পোনার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, প্রতিটি পলিথিন বলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু পোনা ছিল। চোরাকারবারীরা অবৈধ পথে এসব রেনু পোনা দেশে এনে পাচারের চেষ্টা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পোনাগুলো ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেনু পোনা একইদিন ভোরেই দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।

এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভারতীয় রেনু পোনা দেশে এনে দেশীয় হ্যাচারি খাতকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও খবর