ডেস্ক রিপোর্ট ৫ আগস্ট ২০২৫ , ৩:১৩:২৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্য ও ‘জুলাই যোদ্ধা’দের সম্মানে এক আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ ও যোদ্ধাদের সাহসিকতা দেশের গণতন্ত্র ও মানবিক অধিকার প্রতিষ্ঠার পথকে উন্মুক্ত করেছে।” বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, “এই আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব মো. আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাসেম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফ রহিম সিদ্দিক কমল, শহর ছাত্রশিবির সভাপতি আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মেহাদীন সাদী, জুলাই যোদ্ধা ও আহত মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরার চার শহীদ পরিবারসহ মোট ১০১ জন ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের সময় অনেকের চোখেই দেখা যায় শ্রদ্ধা, গর্ব ও আবেগের অশ্রু।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জুলাই আন্দোলন’ কেন্দ্রিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হুসেইন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং শহীদ ও যোদ্ধা পরিবারের সদস্যরা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

















