সাতক্ষীরা

সাতক্ষীরায় যানজট নিরসনে উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  ডেস্ক রিপোর্ট ৭ জুলাই ২০২৬ , ৩:৪৬:৪২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গঠিত উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, সহ-সভাপতি খোরশেদ আলম আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুকুল হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

সভায় যানজট নিরসনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও চলমান কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, পৌরসভার প্রবেশমুখগুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অনুমোদনহীন ইজিবাইক শহরে প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বাঁকাল থেকে পাকাপোল মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

এছাড়া আশাশুনি ও কালিগঞ্জগামী বাসগুলোকে শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা না করিয়ে নির্ধারিত স্থানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের যানজট কমাতে দ্রুততম সময়ে বাস টার্মিনাল লাবসা বাইপাস এলাকায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, পৌরসভার অনুমোদিত ৯১৮টি ইজিবাইক ছাড়া অন্যান্য ইজিবাইক ও মোটরভ্যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি দিনের বেলায় ট্রাকের পৌর এলাকার অভ্যন্তরীণ সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় ডে-নাইট কলেজ মোড় ও সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভার বক্তারা বলেন, গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে সাতক্ষীরা জেলা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরবে।

আরও খবর