সাতক্ষীরা

ঈদের কেনাকাটায় সাতক্ষীরায় মন্দা, ব্যবসায়ীদের আশা শেষ মুহূর্তে

  মো. রাজু সিদ্দিকী ২ জুন ২০২৫ , ৫:৩৮:৪৭ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শহরের পোশাকের দোকানগুলোতে সাধারণত এ সময় ক্রেতাদের ভিড় থাকলেও এবার তেমন জমজমাটি নেই। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ঈদের এক থেকে দুই দিন আগে বিক্রি কিছুটা বাড়তে পারে, তবে এবারের ঈদে তাদের বেচাকেনা খুব একটা ভালো হবে না।
কারণ হিসেবে তারা বলছেন, কোরবানির জন্য মানুষ এখন গরু-ছাগল কিনতে ব্যস্ত।
শহরের সিদ্দিক সুপার মার্কেটে অবস্থিত ‘খাইরে উম্মা’ নামে একটি পোশাকের দোকানের ম্যানেজার মো. রাকিব হোসেন বলেন, “ঈদের সময় আমরা সাধারণত ভালো বিক্রির আশা করি। কিন্তু এবার ক্রেতার সংখ্যা অনেক কম। মানুষ এখন কোরবানির পশু কিনতে বেশি ব্যস্ত। তবে ঈদের আগের দিন বা দুই দিন আগে হয়তো কিছু ক্রেতা আসবে।”
তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবার বিক্রি প্রায় ৩০ শতাংশ কম।
একই ধরনের কথা বলেন শহরের আরেকটি পোশাকের দোকান বিক্রয়কর্মী মোঃ মোজাহিদ। তিনি বলেন, “আমাদের দোকানে নতুন কালেকশন আছে, দামও সাধ্যের মধ্যে। কিন্তু ক্রেতারা আসছেন না। যারা আসছেন, তারা দাম দেখে বা কাপড় হাতে নিয়ে চলে যাচ্ছেন। মনে হচ্ছে, কোরবানির খরচের কারণে অনেকেই পোশাক কিনতে কার্পণ্য করছেন।”
অন্যদিকে, ক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শহরের বাসিন্দা রহিমা খাতুন বলেন, “ঈদের জন্য একটা পাঞ্জাবি আর বাচ্চাদের জন্য দুটো পোশাক কিনতে এসেছি। কিন্তু দোকানে তেমন ভিড় নেই, যেটা দেখে একটু অবাক হয়েছি। তবে দাম একটু বেশি মনে হচ্ছে।”
তিনি আরও জানান, কোরবানির জন্য পশু কিনতে তাদের পরিবারের অনেক টাকা খরচ হয়েছে, তাই পোশাক কেনার বাজেট কমিয়ে দিয়েছেন।
আরেক ক্রেতা, স্কুলশিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “ঈদের আগে পোশাক কিনতে এসেছি, কিন্তু দেখছি দোকানগুলো ফাঁকা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মনে হলো, এবার বেচাকেনা কম। আমার মনে হয়, মানুষের হাতে টাকা কম, আর কোরবানির খরচের কারণে অনেকে পোশাক কেনার দিকে ঝুঁকছেন না।”
এবারের ঈদে সাতক্ষীরার পোশাকের বাজারে তেমন উৎসাহ নেই। তবে ব্যবসায়ীরা এখনও আশা করছেন, ঈদের শেষ মুহূর্তে ক্রেতারা দোকানমুখো হবেন। কিন্তু কোরবানির ব্যয় এবং অর্থনৈতিক চাপের কারণে এবারের ঈদের বাজার কতটা জমে উঠবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

আরও খবর