ডেস্ক রিপোর্ট ২২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:২২:৫০ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সদর ও কলারোয়া সীমান্তের মোট ৪৮টি পূজামণ্ডপে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করছে তারা। উৎসবকে ঘিরে এখন সীমান্তজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি নগদ অর্থ ও মিষ্টি উপহার প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার ৪৮টি পূজামণ্ডপের মধ্যে ঝাউডাঙ্গায় ১৫টি, গাজীপুরে ৬টি, বাঁকালে ৪টি, কাকডাঙ্গায় ৪টি, হিজলদীতে ২টি, চান্দুরিয়ায় ২টি, ভোমরায় ১টি এবং বিভিন্ন গ্রামে বাকি মণ্ডপগুলো স্থাপন করা হয়েছে।
লে. কর্নেল আশরাফুল হক জানান, দুর্গোৎসবকে ঘিরে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা নাশকতা ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিজিবির বিশেষ মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
এদিকে, পূজামণ্ডপগুলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতিও। বিজিবির কঠোর নিরাপত্তায় সীমান্তের দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

















