মাসুদ রানা মনা ১০ নভেম্বর ২০২৫ , ২:৪৪:০৮ অনলাইন সংস্করণ
দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সাম্প্রতিক সময়ে একটি স্বার্থান্বেষী চক্র জাল টাকা পাচারের চেষ্টা করছে— এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় জাল টাকার প্রবেশ রোধে বিশেষ সতর্কতা জারি করেছে বিজিবি।
দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জাল টাকার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর সার্বিক নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা, ভোমরা স্থলবন্দরে তল্লাশি বৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করতে প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কোম্পানি ও বিওপি কমান্ডারগণ প্রতিপক্ষ বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ও আনসার সদস্যদের সমন্বয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জনসাধারণের সহযোগিতা ও প্রশাসনের সমন্বয়ে জাল টাকার প্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

















