মাসুদ রানা ৩০ জুন ২০২৬ , ২:৩৩:৫৯ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া বাজার থেকে কাথন্দা বাজার পর্যন্ত সড়কটি ইটভাটায় মাটি বহনের কারণে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে কাঁচা ও কাদাময় হয়ে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয়দের কাছে সড়কটি এখন যেন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাদড়া বাজার–কাথন্দা বাজার সড়ক দিয়ে নিয়মিত ইটভাটার জন্য মাটি বহন করা হয়। ভারী যানবাহনের চলাচলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে এসব স্থানে পিচ্ছিল অবস্থা তৈরি হওয়ায় পথচারী, মোটরসাইকেল ও ভ্যানচালকদের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের এমন নাজুক অবস্থার কারণে ইতোমধ্যে অন্তত ৭ থেকে ৮ জন দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রতিদিনই নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ইটভাটার ব্যবসার স্বার্থে নির্বিচারে মাটি বহন করায় সড়কের এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। অথচ জনদুর্ভোগ লাঘবে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে জনসাধারণের নিরাপদ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা দ্রুত সড়কটি সংস্কার এবং ইটভাটার মাটি বহনে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি সড়কের ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।

















