সাতক্ষীরা

আশাশুনিতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ

  আশাশুনি প্রতিনিধি ১৩ জুলাই ২০২৫ , ১১:৪৩:৩৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার আশাশুনিতে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শোলখালী গ্রামের আলী নামের এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তিনি মুসলিম পরিবারের সদস্য এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকা ঘুরে বেড়াচ্ছিলেন ও খাবার না পেয়ে হয়তো মৃত্যুবরণ করেছেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে পিবিআই ও সিআইডির মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে ভবিষ্যতে পরিচয় নিশ্চিতের জন্য।

রবিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেউ যদি মরদেহটি চিনে থাকেন বা কোন তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে আশাশুনি থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও খবর