আসাদুজ্জামান ৫ জানুয়ারি ২০২৬ , ৩:৫৭:৫৬ অনলাইন সংস্করণ
দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় উত্তরের হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা দুই দিন সূর্যের দেখা না মিললেও সোমবার থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে কর্মব্যস্ত মানুষের। প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।
কনকনে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন। শীত নিবারণে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজনকে আগুন জ্বালিয়ে উষ্ণতার চেষ্টা করতে দেখা গেছে। গরম কাপড় ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। এদিকে শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েছেন।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, আগামী এক-দুই দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।

















