সাতক্ষীরা

এসিপিবি’র নবগঠিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

  ডেস্ক রিপোর্ট ১৪ মার্চ ২০২৬ , ৪:২৫:৪৬ অনলাইন সংস্করণ

অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে সংবর্ধনা এবং সাবেক সদস্যদের বিদায় উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (১৪ মার্চ) সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ৪র্থ তলার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সাবেক সদস্যদের বিদায় জানানো এবং নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, দাবা একটি মেধাভিত্তিক খেলা। জেলার তরুণদের মধ্যে দাবা চর্চা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এ খেলায় আগ্রহী করে তুলতে এসিপিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শহিদ হাসান বলেন, সাতক্ষীরায় দাবা খেলাকে আরও গতিশীল করতে এসিপিবি কাজ করবে। স্কুল-কলেজ পর্যায়ে দাবা প্রতিযোগিতা আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং তরুণদের মেধা বিকাশে দাবা চর্চা ছড়িয়ে দিতে সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। তিনি এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. শহিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ মাহমুদ পেলে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট শামসুদ্দোহা খোকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রকি ও সোহাইব শাহাবউদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইজে শাহরিয়ার হাসিব, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শামীমা পারভীন মিঠু, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম সোহেল এবং দপ্তর সম্পাদক রিপন হোসেন রয়েছেন।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন রিয়াজ মাহমুদ জিকো, শেখ আশিক মাহমুদ বনি, দীন দাহিদ দোলা, আল-আমিন হোসেন, মোহাম্মদ ইয়াছিন, অ্যাডভোকেট ফারজানা জাহান টুকটুকি ও অ্যাডভোকেট রাজিব রয় চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সাতক্ষীরায় দাবা খেলাকে আরও জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে এবং নতুন খেলোয়াড় তৈরিতে কাজ করবে। পরে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল।

আরও খবর