ডেস্ক রিপোর্ট ২৯ জুন ২০২৬ , ৩:২৭:৫৪ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে একটি বড় আকারের অজগর সাপ দেখতে পান। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে বনবিভাগকে খবর দেয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
স্থানীয়দের ভাষ্য, বাজারের মতো জনবহুল এলাকায় এর আগে এত বড় অজগর সাপ দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের বনাঞ্চল কিংবা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে এসে দোকানের ভেতরে আশ্রয় নেয়।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের নিরাপদ ও উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। তিনি বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
ঘটনার পর কিছু সময়ের জন্য নীলডুমুর বাজারে আতঙ্কের সৃষ্টি হলেও বনবিভাগের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

















