কালিগঞ্জ প্রতিনিধি ১৫ জুন ২০২৫ , ২:৩৪:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, যিনি ‘যাদু’ নামে পরিচিত, শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও হতাশ হননি জীবনের প্রতি। আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে তিনি কৃষি ক্ষেত্রেই খুঁজে পেয়েছেন সাফল্যের পথ। বিশেষ করে উন্নত জাতের (জি-৯) কলা চাষে তিনি গড়ে তুলেছেন এক উজ্জ্বল উদাহরণ।
রবিবার (১৫ জুন) বিকালে তার সাফল্যের মাঠ পরিদর্শন করেন সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় স্থানীয় কৃষক ও কৃষাণিরাও উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষি কর্মকর্তা ও অতিথিরা মাসুদুর রহমানের উদ্যোগ ও সফলতা দেখে প্রশংসা করেন এবং এমন অনুপ্রেরণামূলক উদ্যোগকে আরো বিস্তারের তাগিদ দেন।
মাসুদুর বলেন, “শারীরিক অসুবিধা আমাকে থামাতে পারেনি। আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, সমাজে কিছু করে দেখাতে আর সেই চেষ্টায় আমি এখনো অবিচল।
তার এই সাফল্য শুধু একটি ব্যতিক্রমী চাষির গল্প নয়, বরং এটি প্রমাণ করে—ইচ্ছা থাকলে, প্রতিবন্ধকতা কোনো বাধাই নয়। তার পথচলা এখন অনেক প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে।

















