সাতক্ষীরা

সাতক্ষীরায় এনসিপির কর্মসূচিতে গরমে অসুস্থ অন্তত ১০ জন

  নিজস্ব প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ১:১২:২৯ অনলাইন সংস্করণ

“দেশ গড়তে জুলাই” স্লোগানে সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি যেন রূপ নিল ভোগান্তির এক চিত্রনাট্যে। তীব্র দাবদাহ, দীর্ঘ প্রতীক্ষা ও আয়োজকদের চরম অব্যবস্থাপনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন।

আক্রান্ত সাংবাদিকদের মধ্যে রয়েছেন— যমুনা টিভির আকরামুল ইসলাম, এখন টিভির আহসান রাজিব, আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিলসহ আরও অনেকে। ভিডিও জার্নালিস্টদের মধ্যে ছিলেন ইয়ারুল ইসলাম, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা ও সাংবাদিক ইদ্রিস।

সাংবাদিকদের অভিযোগ, কর্মসূচির নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৯টা। অথচ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে পৌঁছান দুপুর ১২টা ২১ মিনিটে, এবং মঞ্চে ওঠেন ১টা ৪৪ মিনিটে। দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত কোনো ছায়া, পানির ব্যবস্থা কিংবা সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান ছিল না। দীর্ঘসময় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় অনেকের শরীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে।

একজন ভুক্তভোগী সাংবাদিক বলেন, “আমরা সংবাদকর্মী হিসেবে মাঠে কাজ করি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আয়োজকদের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকত, তাহলে এমন বিপর্যয় হতো না। প্রচণ্ড গরমে অন্তত পানির ব্যবস্থাটুকু থাকা উচিত ছিল।”

এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলাম, ডা. তাসনিম জারা ও সামান্তা সারমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরও খবর