ডেস্ক রিপোর্ট ১৯ জুলাই ২০২৫ , ২:৩২:০৮ অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় শুরু হয়েছে ২ দিনব্যাপী ‘যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব টেকসই কৃষি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় সাতক্ষীরা ইয়ুথ হাব প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়নের ২৫ জন তরুণ-তরুণী।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজ যদি টেকসই কৃষির দিকে মনোযোগী হয়, তবে শুধু নিজেদের জীবিকা নয়, তারা পরিবেশ রক্ষার কাজেও উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।”
প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বলা হয় তরুণদের মাঝে পরিবেশবান্ধব কৃষি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা, রাসায়নিক সার ও কীটনাশকের ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা প্রদান এবং জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদনের কৌশল শেখানো। পাশাপাশি স্থানীয় কৃষি বাজার ব্যবস্থাপনায় টেকসই ভাবনা ও পরিবেশ সম্মত চাষাবাদের গুরুত্বও তুলে ধরা হয়।
এই প্রশিক্ষণে আলোচনায় উঠে আসে কৃষি-বাস্তুতন্ত্র ব্যবস্থাপনায় এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে নারীদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা, বর্তমানে ব্যবহৃত কৃষি প্রযুক্তি ও তার প্রেক্ষাপট, রোগবালাই ও পোকামাকড় দমনের পরিবেশবান্ধব উপায়, এবং যুব সমাজের সক্রিয় ভূমিকার গুরুত্ব।
প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল প্রি ও পোস্ট টেস্ট, হাতে-কলমে প্রশিক্ষণ এবং ব্যক্তিগত কর্মপরিকল্পনা তৈরির সুযোগ। এতে তরুণরা ভবিষ্যতে নিজেদের বাড়িতে কিংবা এলাকায় পরিবেশবান্ধব কৃষিচর্চায় উদ্যোগ নিতে অনুপ্রাণিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
প্রশিক্ষণ পরিচালনা করেন ইফতি জামিল ও মোহাইমিন। সহায়ক হিসেবে ছিলেন মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য এবং ইয়ুথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর শাওন।
উল্লেখ্য, প্রশিক্ষণের সমাপ্তি দিনে অংশগ্রহণকারীদের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নির্ধারণ এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে খোলামেলা আলোচনা হবে। আয়োজকরা বিশ্বাস করেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের মধ্য দিয়েই জলবায়ু সহনশীল পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

















