নিজস্ব প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১:৫৯:০৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির দুই নম্বর ভবনের তৃতীয় তলায় লাইব্রেরি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। সভা পরিচালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিন। সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু সাঈদ রাজা, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট জিএম ফিরোজ আহমেদ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট এবিএম ইমরান হোসেন ও অ্যাডভোকেট মিজানুর রহমান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৩১ জুলাই সকাল ১০টায় আইনজীবী সমিতির প্রথম ভবনের সামনে থেকে “জুলাই-আগস্ট শহীদ স্মরণে মার্চ ফর জাস্টিস” উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। একইসাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চুর সংবর্ধনা সভাও অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আকবর আলী বলেন, “বিনা ভোটে নির্বাচন নয়, নিশিরাতে নির্বাচন নয়, ডামি নির্বাচন নয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জনগণের যে অধিকার, সেই অধিকার তাকে দিতেই হবে।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন সময়ের দাবি।

















