মুহাম্মদ হাফিজ ৪ আগস্ট ২০২৫ , ১:৪২:৩৪ অনলাইন সংস্করণ
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাতক্ষীরার সাহসী যুবকদের নিয়ে গঠিত হলো নতুন সামাজিক প্ল্যাটফর্ম **“৩৬ জুলাই ঐক্য সংসদ”**। সোমবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রাণবন্ত আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
নবগঠিত সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিএল গবেষক আব্দুর রহিম, এবং সদস্য সচিব হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার সাবেক সদস্য সচিব সোহায়েল মাহদীন সাদী।
আলোচনা সভাটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ইব্রাহিম খলিলুল্লাহ।
সভায় বক্তারা বলেন, “৩৬ জুলাই ঐক্য সংসদ” কেবল একটি সংগঠন নয়, এটি একটি আদর্শ ও চেতনার নাম। জুলাই অভ্যুত্থানের ইতিহাস ও বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। তারা আরও বলেন, যে স্বপ্ন ও দাবি নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে সংগঠনটি কাজ করে যাবে।
বক্তারা উল্লেখ করেন, এ সংগঠনটি অরাজনৈতিক হলেও মানুষের অধিকার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণদের ঐক্যবদ্ধ করে ইতিবাচক সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে।
আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে ছিল জুলাই স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার আহ্বান। নতুন এই সংগঠনের মাধ্যমে তরুণ সমাজে সচেতনতা ও একতা গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

















