সাতক্ষীরা

সাতক্ষীরায় তরুণদের জন্য হিউম্যান লাইব্রেরি বিষয়ক আলোচনা সভা

  ডেস্ক রিপোর্ট ৩১ আগস্ট ২০২৫ , ২:৩৮:২২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ইয়ূথ হাবে তরুণদের জন্য হিউম্যান লাইব্রেরি (মানব গ্রন্থাগার) বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা-র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এফআরটি প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিডো-র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। তিনি হিউম্যান লাইব্রেরির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। মানব গ্রন্থাগারের অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক সাধারণ সম্পাদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিশিষ্ট নাট্য অভিনেতা মোজাম্মেল হোসেন। তিনি তরুণদের সঙ্গে নিজের জীবনের সাফল্যের গল্প শেয়ার করেন এবং তাদের অনুপ্রাণিত করেন।

আলোচনায় বলা হয়, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বোঝাপড়া ও সহানুভূতির প্রয়োজনীয়তা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তরুণরা নানা সামাজিক চ্যালেঞ্জ—সাংস্কৃতিক ও ধর্মীয় ভুল ধারণা, অর্থনৈতিক ও শিক্ষাগত বৈষম্যের মুখোমুখি হচ্ছে। এ ধরনের সমস্যা নিরসনে হিউম্যান লাইব্রেরি একটি সৃজনশীল প্ল্যাটফর্ম, যা ব্যক্তিগত মিথস্ক্রিয়ার মাধ্যমে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করে।

হিউম্যান লাইব্রেরি প্রকল্পের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও ইন্টারেক্টিভ পরিসর তৈরি করা, যেখানে তরুণরা বিভিন্ন ব্যক্তি বা “মানব বই”-এর সঙ্গে যুক্ত হয়ে কুসংস্কার ও ভুল ধারণা চ্যালেঞ্জ করতে পারবে। এতে সামাজিক সংহতি, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা মিলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ বিভিন্ন যুব সংগঠনের তরুণ-তরুণীরা।

আরও খবর