সাতক্ষীরা

সাতক্ষীরায় আনসার ও ভিডিপির উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ অভিযান

  মুহাম্মদ হাফিজ ১৯ আগস্ট ২০২৫ , ১:৫১:১২ অনলাইন সংস্করণ

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জেলার পাঁচটি উপজেলায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলা কমান্ডেন্ট ও উপ-পরিচালক আশরাফুজ্জামান আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করেন। এছাড়া উপস্থিত সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের চারা বিতরণ করা হয়।

বাহিনীর মহাপরিচালক এ অভিযান শুরু করেছেন পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এ অভিযানের আওতায় সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশব্যাপী ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম চলবে।

সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, শ্যামনগর, তালা ও আশাশুনি উপজেলার এক হাজারের অধিক চারা রোপণ করা হয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এই কর্মসূচি সামাজিক আন্দোলনের রূপ নেয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উদ্যোগকে আনসার ও ভিডিপির সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে।

আরও খবর