সাতক্ষীরা

সীমান্তে গোয়েন্দা পুলিশের অভিযান ৭ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

  ডেস্ক রিপোর্ট ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ৩:০২:৩২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৭ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার ভোরে সদর উপজেলার ভোমরা গাজীপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো—গাজীপাড়ার মৃত মজিবর রহমান সরদারের ছেলে মো. খায়রুল ইসলাম (২২) এবং একই এলাকার মো. ইউনুস গাজীর ছেলে মো. রাকিব হোসেন (১৯)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ভোমরা সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচারের একটি চালান প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই মো. হেমায়েত হোসেনসহ সঙ্গীয় ফোর্স ভোরে সেখানে অভিযান চালায়। এসময় খায়রুল ইসলামের বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় অবস্থানরত অবস্থায় খায়রুল ও রাকিবকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭ হাজার টাকা।

গোয়েন্দা পুলিশের ওসি মো. নিজাম উদ্দীন মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

আরও খবর