দেবহাটা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৫ , ৪:৩০:৩০ অনলাইন সংস্করণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০২ (দেবহাটা ও সাতক্ষীরা সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ডাকসু নেতা, শিক্ষাবিদ ও সংগঠক শফিকুল ইসলাম শাহেদ নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বুধবার (১৫ অক্টোবর) দিনভর তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া, গাজীরহাট, নাংলা, খানজিয়া, দেবহাটা, শ্রীপুর ও ঈদগাহ বাজারসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। গণসংযোগে তাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সাবেক ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম শাহেদ ছাত্ররাজনীতির মেধাবী ও বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে পরিচিত। তিনি একসময় জাতীয় সংসদের উপনেতা ও রাষ্ট্রপতি এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর সহকারী একান্ত সচিব এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ)-এর সাধারণ পরিষদের সম্মানিত বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেবহাটার পারুলিয়া সরদারবাড়ির এই কৃতি সন্তান রাজনৈতিক ও সামাজিক ভাবে একজন সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি নানা নির্যাতনের শিকার হন।
গণসংযোগকালে তিনি বলেন, “দেবহাটা ও সাতক্ষীরার মানুষের উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পাশে থাকতে চাই। আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
স্থানীয় নেতাকর্মীরা বিশ্বাস করছেন যোগ্যতা, সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে শফিকুল ইসলাম শাহেদ সাতক্ষীরা-০২ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে উঠে আসবেন।

















