ডেস্ক রিপোর্ট ১৩ নভেম্বর ২০২৫ , ৩:৫৪:৩০ অনলাইন সংস্করণ
সারাদেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে এবং লকডাউন কর্মসূচির বিরোধিতা করে সাতক্ষীরায় জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে মহড়াটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মহড়ায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, পৌর বিএনপি নেতা কামরুজ্জামান কামু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মিলন শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল এবং সাইবার দলের সভাপতি এস আই আশা প্রমুখ।
মহড়ায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠেন। তারা খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি দিতে হবে, সন্ত্রাসী আ.লীগের আস্তানা এই বাংলায় হবে না—এমন শ্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতিবাদ ও সরকারের নীতি বিরোধী অবস্থান জানাতে আয়োজিত এ লকডাউন বিরোধী মোটরসাইকেল মহড়াকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

















