নিজস্ব প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৫:৩১:২৭ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলা রিটানিং কর্মকর্তা জেবুন নাহারের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় রিটানিং কর্মকর্তা নির্বাচনি আচরণবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
এর আগে নিজ বাসভবনে দোয়া-মোনাজাত শেষে পাঁচজন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এই সংসদ সদস্য।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “আমাকে ৭০ বছরের সাজা দিয়ে কারাগারে মেরে ফেলতে চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। কখনো ভাবিনি আবার নির্বাচনে দাঁড়াতে পারবো। ছাত্র-জনতার আন্দোলনে আমার মুক্তির পর আজ মনোনয়ন জমা দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার দ্বিতীয় জন্ম।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি, ধান্দাবাজি আমার রাজনীতিতে নেই, থাকবেও না। যারা করবে তাদেরও প্রতিহত করা হবে। নির্বাচিত হতে পারলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবো। প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত তালা-কলারোয়া গড়ে তুলবো।”
জনগণের সঙ্গে সবসময় থাকার দাবি করে হাবিব জানান, অতীতে এমপি থাকাকালীন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং আসন্ন নির্বাচনে বিজয়ের বিষয়ে তিনি আশাবাদী।

















