সাতক্ষীরা

জেলা পরিবহন কমিটির সভা: অবৈধ যানবাহন ও হাইড্রোলিক হর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত

  ডেস্ক রিপোর্ট ১ জুলাই ২০২৫ , ১২:৫২:৪২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির (আরটিসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ও কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহাবউদ্দিন, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবহান, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মশিয়ার রহমান, দুরপাল্লা পরিবহন কমিটির সভাপতি সরদার মুকুল ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, বিআরটিসির জেলা ম্যানেজার আফছার, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবু বক্কর, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ (বাবু) এবং অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির প্রতিনিধি মো. জাহিদ হোসেন খান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ’র উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল: জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটি পুনর্গঠন। অটোরিকশা, অটোটেম্পু ও মাহিন্দ্রার রেজিস্ট্রেশন না থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। দুরপাল্লার যানবাহনের রুট পারমিট ও পরিসংখ্যান পরবর্তী সভায় উপস্থাপনপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত। সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত বাস-মিনিবাস চলাচল নিশ্চিতকরণ। পৌরসভা এলাকায় অবৈধ যান চলাচল বন্ধ এবং যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা রোধে মোবাইল কোর্ট পরিচালনা। পৌরসভা অনুমোদিত ইজিবাইক ছাড়া অন্য ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ। সড়কে হাইড্রোলিক হর্ণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত।
সভায় সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনসমূহকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও খবর