এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১০ জানুয়ারি ২০২৬ , ৫:১৬:১৩ অনলাইন সংস্করণ
সুন্দরবনের কালাবগি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের নেতৃত্বে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধারসহ পাঁচজন ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে জানুয়ারি থেকে ফেব্রæয়ারিএই দুই মাস সুন্দরবন থেকে কাঁকড়া শিকার ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করায় জব্দকৃত কাঁকড়া ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন দাকোপ থানার কালাবগি গ্রামের তরুণ সরকার, উত্তর কালাবগি গ্রামের মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

















