সাতক্ষীরা

বিকাশ কর্মকর্তাকে দোকানে আটকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আটক ১

  নিজস্ব প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৫ , ৫:২১:৫২ অনলাইন সংস্করণ

সাতক্ষীরা শহরের পলাশপোল খুলনা রোড মোড়ে ভয়াবহ এক হামলার শিকার হয়েছেন বিকাশের ডিস্ট্রিক্ট সেলস অফিসার (DSO) শেখ আমিনুর রহমান। অভিযোগ উঠেছে, স্থানীয় এক মোবাইল ফোন দোকানদার এইচএম আজিজুর রহমান হিমন ও তার সহযোগীরা আমিনুর রহমানকে আটকে রেখে মারধর ও ছিনতাই করেছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আমিনুর রহমান বিকাশ সংক্রান্ত লেনদেনের জন্য এইচএম আজিজুর রহমান হিমন পরিচালিত “সালমান টেলিকম” নামক দোকানে যান। দোকানটি শহরের ডক্টরস্ ল্যাবের পাশে অবস্থিত। ব্যবসায়িক লেনদেন নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সালমান টেলিকমের স্বত্বাধিকারী হিমন ও তার সহযোগী অজ্ঞাতনামা ৬-৭ জন আমিনুর রহমানকে জোরপূর্বক দোকানে আটকে রাখেন এবং বেধড়ক মারধর করেন।
অভিযোগে বলা হয়, হিমন লোহার রড দিয়ে আমিনুর রহমানের মাথায় আঘাত করে গুরুতর জখম করেন, যার ফলে তার মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে পাশাপাশি গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এছাড়াও অন্যান্য হামলাকারীরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগটি কেড়ে নেয়, যাতে ৪ লক্ষ টাকা ছিল বলে জানা যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. রনি ও অন্যান্য অনেকেই এই ঘটনার সাক্ষী বলে দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে ভাই শেখ আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে আহত আমিনুরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান।
অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় এখনও পর্যন্ত ১নং আসামী পলাশপোল খুলনা রোড মোড় এলাকার মিজানুর রহমানের ছেলে এইচএম আজিজুর রহমান হিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হল  বলেন, ইতোমধ্যে আমরা ১নং অভিযুক্তকে গ্রেফতার করেছি। আশা করছি বাকি অভিযুক্তদের খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো। এছাড়াও বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, এ ধরনের সহিংসতা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আরও খবর