আশাশুনি

আশাশুনির শ্রীউলায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা

  আশাশুনি প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ৪:৩৭:৫৯ অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে শ্রীউলা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটিজ (আইসিআরডিসিভি-৩) প্রকল্পের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছার দীপু।
ইএসডিও’র আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট অফিসার মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী প্রতিনিধি, সিপিপি সদস্য, কৃষক প্রতিনিধি এবং এনজিও প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, ইএসডিও বাস্তবায়িত আইসিআরডিসিভি-৩ প্রকল্প শ্রীউলা ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জানানো হয়, ২০২৬ সালে আইসিআরডিসিভি-৩ প্রকল্পের আওতায় শ্রীউলা ইউনিয়নে মোট ১৫টি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, দুর্যোগ সহনশীল টয়লেট স্থাপন, পরিবারভিত্তিক বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা স্থাপন, বৃক্ষরোপণ, ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সুবিধা সংস্কারসহ বিভিন্ন কার্যক্রম।
সভায় প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন আইসিআরডিসিভি-৩ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শামসুল হক মৃধা এবং ইএসডিওসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পের প্রতিনিধিবৃন্দ।

আরও খবর