ডেস্ক রিপোর্ট ৩ আগস্ট ২০২৬ , ৪:১০:০৯ অনলাইন সংস্করণ
উপকূলীয় অঞ্চলের মানুষের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ৩০০ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে আশাশুনি উপজেলা অ্যাডাপটেশন ক্লিনিক প্রাঙ্গণে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম (সিইআইপি) পরিচালিত ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের অপারেশন ম্যানেজার মো. সফিকুর রহমান স্বপন। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, ব্র্যাকের কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, কাজী এনামুল হক, সেক্টর স্পেশালিস্ট (কৃষি) মো. শাহীন হোসেনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা।
আয়োজকরা জানান, আশাশুনি উপজেলার বড়দল, বুধহাটা, কাদাকাটি ও কুল্লা ইউনিয়নের প্রায় ৩০০টি পরিবারের মধ্যে মোট ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। এসব চারা বসতভিটা ও আশপাশের এলাকায় রোপণ করা হবে।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে গাছের আচ্ছাদন বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ফলজ ও ঔষধি গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে এবং উদ্বৃত্ত উৎপাদন বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই জীবিকা নিশ্চিত করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
ব্র্যাকের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় এ ধরনের উদ্যোগের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীকে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

















