আশাশুনি

আশাশুনিতে ইউএনও’র বাজার মনিটরিং, মোবাইল কোর্টে ২ হাজার টাকা জরিমানা

  আশাশুনি প্রতিনিধি ২৬ মে ২০২৬ , ৩:৩১:২৬ অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে সাতক্ষীরার আশাশুনিতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

মঙ্গলবার (২৬ মে) উপজেলার আশাশুনি সদর, বুধহাটা বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন হাট-বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইউএনও বাজারে খাদ্যে ভেজাল প্রতিরোধ, ওজনে কারচুপি বন্ধ এবং ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেন।

এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সুভাষ ঘোষ নামে এক হোটেল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে দ্রব্যমূল্য সহনীয় রাখা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা।

আরও খবর