সাতক্ষীরা

কালিগঞ্জে সদ্য বিবাহিত গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  কালিগঞ্জ প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ , ২:৪৬:৪৬ অনলাইন সংস্করণ

বিয়ের দুই মাস অতিবাহিত হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরার কালিগঞ্জের ১৬ বছর বয়সী কিশোরী গৃহবধূ বৃষ্টি ওরফে খুকুমণি। শনিবার রাতে বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
​বৃষ্টি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিভুতির মোড় এলাকার বাবলু সরদারের মেয়ে এবং বন্ধকাটি গ্রামের নাইম হোসেনের স্ত্রী।
​পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে নাইম হোসেনের সাথে বৃষ্টির বিয়ে হয়। শনিবার রাতে বাবার বাড়িতে শয়নকক্ষের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপ্লব হোসেন শাওনের নেতৃত্বে পুলিশের একটি টিম রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে, তার আত্মহত্যার সঠিক কারণ নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় একটি সূত্র জানায়, নলতায় ওরস শরিফে যাওয়ার বিষয়ে স্বামীর অনুমতি না পেয়ে অভিমানে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
​কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং রবিবার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর