ডেস্ক রিপোর্ট ১০ মে ২০২৬ , ৩:৫১:৩৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার বিখ্যাত আমসহ নানা বাহারি মৌসুমি ফলের সৌরভ আর উৎসবমুখর পরিবেশে শহরে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব’। রোববার (১০ মে) বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরা এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে।
উৎসবে বক্তারা বলেন, মধুমাসের বৈচিত্র্যময় ফলের মধ্যে সাতক্ষীরার আম এখন দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে সমাদৃত একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই সুনাম ধরে রাখতে পারলে জেলা আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তবে সাতক্ষীরায় উৎপাদিত আমের সঠিক বিপণন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য দ্রুত একটি ‘ফ্রুট প্রসেসিং সেন্টার’ (ফল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র) এবং আধুনিক হিমাগার স্থাপনের জোর দাবি জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরার সভাপতি মশিউর রহমান ফিরোজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব বসু, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন সাহা।
নিউ মার্কেট ক্লাব সাতক্ষীরা, সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা বরুণ ব্যানার্জী, সহ-সভাপতি আব্দুল মোমিন, আকরামুল ইসলাম, আলী মুক্তাদা হৃদয়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় প্রদর্শিত নানা পদের আম, জাম, লিচুসহ মৌসুমি ফল দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে এবং স্থানীয় সুধীমহল ও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরার আম এখন শুধু একটি কৃষিপণ্য নয়, এটি জেলার একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাই বাগান থেকে বাজার পর্যন্ত প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখা এখন সময়ের দাবি। পাশাপাশি রপ্তানি সম্ভাবনা বাড়াতে আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো জরুরি বলে তারা মত দেন।

















