মো. রাজু সিদ্দিকী ৬ জুন ২০২৬ , ৫:২০:৩১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় মাদকাসক্ত চোরদের উপদ্রব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গভীর রাতে একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ শুক্রবার গভীর রাতে প্রধান সড়কের পাশে অবস্থিত ‘খায়ের উম্মা লাইফ স্টাইল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। চোরেরা প্রতিষ্ঠানের বাইরে স্থাপিত চারটি এয়ার কন্ডিশনারের (এসি) আউটডোর ইউনিটের মূল্যবান বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।
শনিবার সকালে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার রাকিব দোকানে এসে এসিগুলো বন্ধ এবং তার কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা অধ্যক্ষ লিয়াকত পারভেজ বলেন, “শুধু এই প্রতিষ্ঠান নয়, পুরো দক্ষিণ পলাশপোল এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এলাকার কিছু মাদকাসক্ত যুবক নেশার অর্থ জোগাড় করতে বিভিন্ন স্থানে চুরি করছে। বাসাবাড়ির উঠান, রান্নাঘর কিংবা দোকান যেখানেই সুযোগ পাচ্ছে, সেখান থেকেই মালামাল নিয়ে যাচ্ছে। হাড়ি-পাতিল, পানির পাম্প, বাইসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির ঘটনা এখন প্রায় নিয়মিত।”
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি ও রাতের টহল ব্যবস্থা পর্যাপ্ত না হওয়ায় চোরচক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। একাধিক চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। ফলে অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, মাদকাসক্ত চোরদের কারণে রাতের বেলা নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অনেকেই নিজেদের সম্পদ রক্ষায় রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং এলাকায় রাত্রীকালীন পুলিশ টহল বৃদ্ধি করার জন্য সাতক্ষীরা সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

















