প্রেস বিজ্ঞপ্তি ২৫ জুন ২০২৫ , ১১:০৬:৩১ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা প্রকাশ গুহকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী প্রকাশ গুহ, যিনি ইসলামকাটি গ্রামের মৃত পুরস্কর গুহের পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকাশ গুহ জানান, গত ২১ জুন ২০২৫ রাত ৮টার দিকে ইসলামকাটি দলিল লেখক অফিস সংলগ্ন শহিদুল ইসলামের দোকানের সামনে দুই গ্রুপের শালিশ মিমাংসার সময় উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী রিপন শেখ (পিতা: হাবিবুর রহমান খোকন শেখ), হাবিবুর রহমান খোকন শেখ (পিতা: মুজিবর শেখ) ও রসুল গাজী (পিতা: মৃত মোতাহার শেখ) তার ওপর হামলা চালায়। তারা লোহার রড, হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে তালা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, এজাহার দায়েরের পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহিদুজ্জামান মধু এবং তার সহযোগী রিপন শেখ, হাবিবুর রহমান খোকন ও রসুল গাজী বিভিন্ন মাধ্যমে তাকে খুন ও জখমের হুমকি দিচ্ছে। প্রকাশ গুহ বলেন, “ইসলামকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হওয়ায় গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম অত্যাচার, মামলা ও হামলার শিকার হয়েছি। ফ্যাসিস্ট মুক্ত হলেও আমি যেন মুক্ত হতে পারিনি। আগে যারা অত্যাচার করত, তারাই এখন ভোল পাল্টে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ত্যাগী ও সাধারণ নেতাকর্মীদের হয়রানি ও মারপিট করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা চলছে। ইসলামকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা। এই সন্ত্রাসীদের হাত থেকে ওয়ার্ডের সকল বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির জন্য তিনি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রকাশ গুহ এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেফতার এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

















