মো. রাজু সিদ্দিকী ৭ জুলাই ২০২৫ , ১০:০৯:৩৬ অনলাইন সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়র, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে ব্রহ্মরাজপুর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি।
গণসংযোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা স. ম. শহিদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জাকির হোসেন আফিল, কৃষক দলের সাবেক সভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিএনপি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সাতক্ষীরা সদর-২ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেবেন যিনি সৎ, যোগ্য, ন্যায়পরায়ণ এবং সর্বস্তরের মানুষের আস্থাভাজন। তাঁকেই ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। গণসংযোগ শেষে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে ব্রহ্মরাজপুর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

















