দেবহাটা

সন্তান ফেরত চেয়ে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা

  ডেস্ক রিপোর্ট ১৩ জুলাই ২০২৫ , ১১:৫৬:২৯ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় নিজের তিন সন্তানকে ফিরে পেতে স্বামী যুবলীগ নেতা রাজীব হোসেনের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছেন তার প্রথম স্ত্রী সুমনা আক্তার কলি। বুধবার (৯ জুলাই) সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন তিনি।

আসামি করা হয়েছে রাজীব হোসেনসহ তার পরিবারের মোট ৯ জনকে—এর মধ্যে রয়েছেন দুই সতীন, শ্বাশুড়ি, ননদ ও দেবর।
মামলাল অভিযোগ সূত্রে ও সুমনা আক্তার কলি জানান, রাজীব হোসেন (৩৬) দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের ছেলে। ১৩ বছর আগে পারিবারিকভাবে সুমনার সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা ও দুটি পুত্র সন্তান।
মামলার আবেদনে সুমনা উল্লেখ করেছেন, বিয়ের পর শুরুতে সংসার ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে রাজীব বেপরোয়া জীবনযাপন, পরকীয়া ও একাধিক বিয়েতে জড়িয়ে পড়েন। এসব কারণে বিরোধ সৃষ্টি হলে সুমনা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে দাবি করেন।
সর্বশেষ, গত ২৮ জুন মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন রাজীব ও তার পরিবারের সদস্যরা। সেই সময় তিন সন্তানকে জোরপূর্বক আটকে রাখে রাজীব। পরদিন সন্তানদের নিতে গেলে আবারও সুমনাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়ভাবে বিচার না পেয়ে অবশেষে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন সুমনা আক্তার কলি।

আরও খবর