ডেস্ক রিপোর্ট ২ সেপ্টেম্বর ২০২৫ , ১২:০৭:৫৬ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমাতে মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কাভার্ডভ্যানকে কেন্দ্র করে এ অভিযান পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সাতক্ষীরা শহরের লাবসায় লস্কর ফিলিং স্টেশনের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে চারটি মামলার বিপরীতে মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ওভারস্পিড এবং ড্রাইভিং লাইসেন্স না রাখার বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন শামীম। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান ও আনসার বাহিনীর সদস্যরা।
বিআরটিএ সূত্রে জানা যায়, চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশে সারাদেশের প্রতিটি সার্কেল এলাকায় এই অভিযান চলছে। সাতক্ষীরায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এ অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বিশেষ অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি যানবাহন মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বাড়াবে। ফলে দুর্ঘটনা কমে আসবে এবং সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।

















