তালা

তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে ৫০ খামারিকে চেক প্রদান

  ডেস্ক রিপোর্ট ১৫ জুলাই ২০২৫ , ২:২৪:৩০ অনলাইন সংস্করণ

দুগ্ধ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন “দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সালতা প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির ৫০ জন সদস্যকে গরু কেনা ও লালন-পালনের জন্য প্রতিজনকে ২ লাখ টাকা করে চেক প্রদান করা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় এক কোটি টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার এবং তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নূরুন্নবী বলেন, “গরু পালনে লাভবান হতে হলে গরুকে সন্তানের মতো যত্ন করতে হবে। গরুর খাদ্য নিজে প্রস্তুত করলে খরচ কম হয়, লাভ বেশি হয়। সমবায় ভিত্তিতে গরু পালন করলে আরও সুফল পাওয়া যায়। এজন্য সমবায় সমিতির নিয়ম-কানুন মেনে চলতে হবে। যেকোনো সমস্যা হলে সাথে সাথে সমবায় অফিস বা প্রাণিসম্পদ অফিসে যোগাযোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই অনুদান যেন প্রকৃত কাজে ব্যবহার হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকারের এই সহায়তা শুধু আর্থিক উন্নয়নের জন্য নয়, বরং একটি সমন্বিত পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে সমিতির সদস্যরা তাদের অভিজ্ঞতা ও আশাবাদের কথা তুলে ধরেন এবং সরকার ও সমবায় বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর