এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ১৬ আগস্ট ২০২৫ , ৩:০১:৩৮ অনলাইন সংস্করণ
খুলনায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় দুই জনকে আটক করা হয়।
পরে বন বিভাগের খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত কাঁকড়া রূপসা নদীতে অবমুক্ত করা হয়। আটক দুই ব্যক্তিকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















