সাতক্ষীরা

অবশেষে আরএমও ডা. শেখ ফয়সাল মেহেরপুরে বদলি

  নিজস্ব প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৪:৩১:৫৪ অনলাইন সংস্করণ

অবশেষে বহুল আলোচিত সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফয়সাল আহমেদকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এই বদলি আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আব্দুল হামিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডা. শেখ ফয়সাল আহমেদ, যিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত, তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুরে মেডিকেল অফিসার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার না হস্তান্তর করলে ষষ্ঠ দিন থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

এছাড়া পদায়নকৃত স্থানে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর তিনি সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুস সালামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর ৫ অক্টোবর সিভিল সার্জন মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

পরদিন ৬ অক্টোবর ডা. ফয়সাল সদর হাসপাতাল থেকে অপসারিত স্বেচ্ছাসেবকদের দিয়ে হাসপাতাল সম্মুখ সড়কে মানববন্ধন আয়োজন করেন, যা নিয়ে জেলা জুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

আরও খবর