শ্যামনগর

শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

  এম কামরুজ্জামান, শ্যামনগর ব্যুরো ২৩ মে ২০২৬ , ৪:৫১:৪৩ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলার বাদঘাটা এলাকায় ফ্রেন্ডলী ব্যাকআপ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিশু রামিসার মতো নিষ্পাপ একটি শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও মর্মান্তিক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক আদনান মুত্তাকী বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রতিবাদ নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগও জরুরি। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হোক এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।”

বিক্ষোভ মিছিলটি বাদঘাটা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে এসে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের অর্ধশতাধিক ভলান্টিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও খবর