আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ২০ জুন ২০২৬ , ৫:১৬:৩৩ অনলাইন সংস্করণ
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক থেকে ১ হাজার কেজি জেলি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই তারিকুর রহমান শুভ। সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ন ১৩-২৯৪৫ নম্বরের একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, ট্রাকটিতে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত ১ হাজার কেজি জেলি মজুত ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এর সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযানে ১ হাজার কেজি জেলিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও ট্রাকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

















