আশাশুনি

প্রতাপনগরের তথ্য উদ্যোক্তা আসমাউল হুসনার অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ

  আশাশুনি প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৫ , ৩:২২:৪০ অনলাইন সংস্করণ

আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তা আসমাউল হুসনা ওরফে আসমা খাতুনের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুলতলা বাজারে ভুক্তভোগী শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, সমাজসেবক নূর ই আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কারিমুজ্জামান, সাংবাদিক মাসুম বিল্লাহ, ভুক্তভোগী আব্দুস সালাম, বেদানা প্রামাণিক, আব্দুর রাশিদ সানা, শহিদুল্লাহ শেখসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, আসমাউল হুসনা জন্মনিবন্ধনসহ বিভিন্ন অনলাইন সেবায় ইচ্ছাকৃত ভুল করে পুনঃসংশোধনের নামে অতিরিক্ত টাকা আদায় করেন। সরকারি নির্ধারিত ফি’র বাইরে টাকা না দিলে তিনি কাজ সম্পন্ন করেন না। স্থানীয় চেয়ারম্যান আবু দাউদ ঢালীর আশ্রয়ে তিনি আত্মীয়স্বজনের নামে একাধিক কার্ড করে সরকারি সুবিধা ভোগ করছেন।

শারীরিক প্রতিবন্ধী নারগিস পারভীনের স্বামী আব্দুস সালাম অভিযোগ করে বলেন, তার স্ত্রীর প্রতিবন্ধী ভাতার টাকা ২০২১-২২ অর্থবছর থেকে উদ্যোক্তার মায়ের মোবাইল নাম্বারের মাধ্যমে উত্তোলন করা হচ্ছে, যা তিনি এখনও পাননি।
অভিযোগে আরও বলা হয়, আসমা হুসনা ইতিমধ্যে দুর্নীতির মাধ্যমে বাজারে দোকানপাট ও শহরে জমি ক্রয় করেছেন। সম্প্রতি ভিডবিøউবি’র ৩৯৪টি কার্ডে চাল বিতরণের সময় সুবিধাভোগীদের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসমাউল হুসনার অপসারণ ও বিচারের ব্যবস্থা না হলে তাকে সহযোগিতা করা চেয়ারম্যানকেও অপসারণের দাবিতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও খবর