ডেস্ক রিপোর্ট ২৯ জুন ২০২৬ , ৩:৩৯:৫০ অনলাইন সংস্করণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু, অভিভাবক মেহেদী হাসান কাজল এবং ইউপি সদস্য ও অভিভাবক মো. আজগর আলী। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও বিদ্যুতের অপচয় রোধ এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন এবং সবুজ পৃথিবী গড়ে তুলতে অগ্রণী হওয়ার আহ্বান জানান বক্তারা।

















