দেবহাটা

পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ উদ্ধার, দুই চোরচক্রের সদস্য গ্রেপ্তার

  মেহেদী হাসান কাজল, দেবহাটা প্রতিনিধি ৮ জুলাই ২০২৬ , ২:৫৯:৫৬ অনলাইন সংস্করণ

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নির্দেশনায় এসআই (নিঃ) সঞ্জয় পাল সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৭ জুলাই দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে বাবুর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় দেবহাটা থানার একটি চুরি মামলার আসামি মাসুদ রানা (২৭), পিতা-বাবুল গাজী এবং রাসেলুজ্জামান (২৮), পিতা-আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চোরাই ইজিবাইকের যন্ত্রাংশ লুকিয়ে রাখার বিষয়ে তথ্য দিলে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন রাতে খুলনা জেলার কয়রা উপজেলার কুসুডাঙ্গা এলাকায় আলামিনের বাড়ি এবং ভান্ডারখোলা এলাকায় আনিছুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানে চোরাই ইজিবাইকের ব্যাটারি, কন্ট্রোলার, মোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, দেবহাটা থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তের সূত্র ধরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (৮ জুলাই ২০২৬) আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর