আশাশুনি

কপোতাক্ষ নদের ভেঙ্গে যাওয়া রিং বাঁধ স্বেচ্ছাশ্রমে আটকানো হলো

  আবু হাসান চঞ্চল, আশাশুনি প্রতিনিধি ২৯ মে ২০২৫ , ৪:২৫:৩৭ অনলাইন সংস্করণ

আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সুবিদখালী স্লুইস গেইট সংলগ্ন কপোতাক্ষ নদের পাড়ে ভেঙে যাওয়া রিং বাঁধ স্বেচ্ছাশ্রমে আটকানো হয়েছে। বুধবার এলাকার মানুষ দীর্ঘ পরিশ্রমে বাঁধ আটকাতে সক্ষম হন।
স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক এবং শ্রমিক বুধবার রাত ৮ টার দিকে বাঁধ আটকানোর কাজ শুরু করেন। রাত দুইটা পর্যন্ত জোয়ার হওয়ার আগ পর্যন্ত একটানা কাজ করে ভাঙ্গনের ৭০ ভাগ কাজ সম্পন্ন করা হয়। পরদিন বৃহস্পতিবার ভাটা শুরু হওয়ার পর সকাল আটটা থেকে বেলা ১১ টা পর্যন্ত পুনরায় কাজ করা হয় এবং বাঁধের শতভাগ কাজ সম্পন্ন করা হয়। এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
বাংলাদেশ সেনাবাহিনীর আশাশুনি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাঁধ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেন। বাঁধ তৈরি হওয়ায় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। বাঁধ তৈরিতে রামনগর, দক্ষিণ দরগাহপুর গ্রামের জনগণ অগ্রণী ভূমিকা পালন করে।

আরও খবর