আশাশুনি প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৪:৫৭:০৪ অনলাইন সংস্করণ
আশাশুনিতে সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী শিশু ও যুবকদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষামূলক উপকরণ ও ডিগনিটি কীটস বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন এনজিওর যৌথ সহযোগিতায় এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়।
আইডিয়ালের পরিচালক ড. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আকাশ হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী-পুরুষ, এনজিও প্রতিনিধিসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কৃষ্ণা রায় বলেন, “প্রতিবন্ধী সন্তানদের সঠিক সেবা ও সুযোগ দিলে তারাও সমাজের উন্নয়নে মুখ্য ভূমিকা রাখতে পারে। সমাজের নানামুখী উদ্যোগই তাদের সম্ভাবনা উন্মোচনের পথ তৈরি করে।”
অনুষ্ঠানে মোট ১৫৫ জন প্রতিবন্ধী শিশু ও যুবকের হাতে বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণ পেয়ে সুবিধাভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মানবিক এই আয়োজন আশাশুনি উপজেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিল এমনটাই মনে করছেন উপস্থিত অতিথি ও আয়োজকরা।

















